Friday, August 13, 2021

কবিতা

বিপ্লব
মুহিম মাহফুজ

বিপ্লব নীরবে আসে
যেভাবে শীতের শেষে পকেটে হাত রেখে হাঁটলে আসন্ন গ্রীস্মের সামান্য ঘাম আসে
বিপ্লব শুধু ইশারা করে
বলে যায়, সময় হয়েছে

যারা চিৎকারে অস্থির, তারা ধরতে পারে না
শীতের রাতেও তারা ভীষণ ঘামতে থাকে

আমরা এখনো জানতে পারিনি
বিপ্লব এক নীরবতার নাম।

জীবন-জায়নামাজে
রাকিবুল হাসান

আপনাকে আমার ভীষণ প্রয়োজন;
তায়াম্মুমের জন্য যেমন প্রয়োজন নিয়ত
ওজুর জন্য যেমন প্রয়োজন পানি
ঠিক তেমন

হৃদয়ের চৌকাঠে বসে অপেক্ষা করি
আপনার দেয়া সাকিনার
অপেক্ষায় ইশকের রং গাঢ় হয়
চাহনি হয় তীব্রতম

আমার জীবন-জায়নামাজে আপনি
একনিষ্ঠ ইবাদাতে মগ্ন এক আবেদা
আপনাকে ছাড়া এই জায়নামাজ হাহাকার করে
পড়ে ধূলোর আস্তরণ
আমাকে ফেলে রেখে আপনি কোথায় যান?

The post কবিতা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-3/

No comments:

Post a Comment