Saturday, October 10, 2020

কালাই পৌরসভার উপনির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন

ফাতেহ ডেস্ক:

এজেন্টকে মারধরসহ নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২ টায় স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের উপস্থিতিতে কালাই সিনেমা হল সংলগ্ন দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি অভিযোগ করে বলেন, কালাইয়ে এই প্রথম কোনো নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে। এই পদ্ধতিতে আমরা ভোট গ্রহণের পক্ষে ছিলাম না। কিন্তু এরপরও ভোট গ্রহণ যখন শুরু হয়, সেই সময় থেকেই আমরা লক্ষ্য করেছি প্রতিটি কেন্দ্রে বিএনপি মনোনীত এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। এছাড়াও ভোটারদের আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নেতাকর্মীরা চাপ প্রয়োগ করে ভোট নিচ্ছেন। তাই আমি লোক দেখানো এমন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেয়া শুরু হয়।

নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল নৌকা মার্কা, জেলা বিএনপি’র সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো.আনিছুর রহমান তালুকদার ধানের শীষ মার্কা এবং স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদ নারিকেল গাছ মার্কা।

কালাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৩ হাজার ৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন এবং নারী ভোটার ৭ হাজার ৭২ জন। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য: চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

The post কালাই পৌরসভার উপনির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/

No comments:

Post a Comment