Sunday, October 18, 2020

সংবাদ সম্মেলনে রায়হানের মা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা

ফাতেহ ডেস্ক:

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল ধানার বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ৮ দিন পর তার পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন। রবিবার বিকেলে নগরীর আখালিয়া নেহারিপাড়াস্থ গুলতেরা মঞ্জিলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে রায়হানের মা সালমা বেগম আবারো পুত্র হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদেরকে আজও পুলিশ গ্রেফতার করতে না পারার বিষয়টি রহস্যজনক। নিরপরাধ পুত্র হত্যার বিষয়টি আজ অনেকটাই স্পষ্ট। তারপরও পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টায় আছে। এই হত্যা রহস্য উদঘাটনে আপনারা সজাগ থাকবেন।

সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা সালমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামাতো ভাই ও স্থানীয় মুরুব্বি শওকত। পরে তিনি ৬ দাবি পেশ সহ ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, রায়হান আহমদ হত্যায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে হরতাল ও সড়ক অবরোধসহ দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।

দাবিগুলো হচ্ছে- ১. রায়হান হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, ২. রায়হান হত্যায় জড়িত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়াসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার, ৩.পলাতক এসআই আকবর ভূঁইয়াকে গ্রেফতারে আইজিপির নির্দেশ,৪.পুলিশ কমিশনারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বক্তব্য, ৫.নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন ও ৬. ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করলে হরতাল-সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, নারী কাউন্সিলর রেবেকা বেগম, সাবেক কাউন্সিলর জগদীশ দাশ ও রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত রবিবার রায়হানকে ‘পুলিশি নির্যাতনে’ হত্যা করা হয় বলে পরিবারের দাবি। রায়হান নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার তিন মাসের এক মেয়ে রয়েছে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

The post সংবাদ সম্মেলনে রায়হানের মা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment