Tuesday, October 20, 2020

এমসি কলেজে গণধর্ষণের তদন্ত প্রতিবেদন দাখিল, শুনানি ১ নভেম্বর

ফাতেহ ডেস্ক:

সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। পরে আদালত প্রতিবেদনটির ওপর আগামী ১ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে ১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তবে আদালতে শুনানি হওয়ার আগে প্রতিবেদন সম্পর্কে কিছুই বলতে রাজি হননি মামলার আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয় থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী প্রতিবেদনটি দাখিল করেন।

এর আগে গত ১৯ অক্টোবর অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছায়।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক তরুণী। এসময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্র স্বামীকে বেঁধে মারধর করে ওই তরুণীকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী সেদিন (২৫ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয় ছয় জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়। আসামিরা হলো− এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

The post এমসি কলেজে গণধর্ষণের তদন্ত প্রতিবেদন দাখিল, শুনানি ১ নভেম্বর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8/

No comments:

Post a Comment