Monday, October 19, 2020

ধর্ষণের মামলায় সালিশকে ফৌজদারি অপরাধ গণ্য করতে হাইকোর্টে রিট

ফাতেহ ডেস্ক:

ধর্ষণের মামলায় সালিশ করা হলে সেটাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে ধর্ষণের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি, বিচার শুরুর পর থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটানা বিচার চলার বিধান ও আদেশ কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন আজ সোমবার দুপুরে এ রিট আবেদন করেছেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে।

আবেদনে গত ১০ বছরে সারা দেশে থানায় কতগুলো ধর্ষণের মামলা দাখিল হয়েছে এবং কতগুলো মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে, তার তথ্য জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ষণের মামলা রুদ্ধদ্বার আদালতে বিচার করার বিধান কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে আইন, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন চেয়ে বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠান। কিন্তু নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

The post ধর্ষণের মামলায় সালিশকে ফৌজদারি অপরাধ গণ্য করতে হাইকোর্টে রিট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab/

No comments:

Post a Comment