Sunday, October 4, 2020

বাড়ছে জামিন জালিয়াতি: ধর্ষণ মামলার রায় পাল্টে জামিন আবেদন

ফাতেহ ডেস্ক:

উচ্চ আদালতে বাড়ছে জামিন জালিয়াতি। গত মাসে হাইকোর্টে কয়েকটি জামিন জালিয়াতির ঘটনা মধ্যে উল্লেখযোগ্য ছিল ধর্ষণ মামলার রায় পাল্টে জামিন আবেদনের ঘটনা। বাংলাদেশের প্রথম সারির দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নথি পর্যালোচনায় দেখা যায়, উক্ত মামলায় আসামি কবির বিশ্বাসের যাবজ্জীবন সাজা হয়। কিন্তু তিনি দুই কারারক্ষী ও মামলার তদবিরকারকের সহযোগিতায় রায়সহ মামলার সব মূল নথি পাল্টে যাবজ্জীবন সাজার স্থলে সাত বছর দেখিয়ে জামিন চান।

জালিয়াতির বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী হাইকোর্টের নজরে আনলে দুই কারারক্ষীসহ পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন সপ্তাহে অন্তত ৫টি জামিন জালিয়াতির ঘটনা হাইকোর্টে ধরা পড়েছে। শুধু হত্যা মামলাই নয়, জাল নথি সৃজনের পাশাপাশি তথ্য গোপন ও প্রতারণার আশ্রয় নিয়ে অস্ত্র, ধর্ষণ মাদক মামলাসহ বিভিন্ন গুরুতর মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয়া হচ্ছে। জামিন নেয়ার ক্ষেত্রে ভুয়া এফআইআর, চার্জশিট, জব্দ তালিকা দাখিল করা হচ্ছে। অভিযোগের গুরুত্ব কমিয়ে তৈরি করা কাগজপত্র দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করে পক্ষে নেয়া হচ্ছে আদেশ। ফৌজদারি বিবিধ শাখায় এসব ঘটনা বেশি ঘটছে। এসব জালিয়াতিতে একাধিক চক্র জড়িত।

জামিন আদেশের কপি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে ফৌজদারি মিস শাখার জমাদার মঞ্জু রানী কৈরীকে বরখাস্ত করে সুপ্রিমকোর্ট প্রশাসন। এরপর কিছুদিন জামিন জালিয়াতির ঘটনা থেমে ছিল। সম্প্রতি আবারও বেশ কয়েকটি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।

সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, হাইকোর্টের নির্দেশে নথি ও জামিন জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত প্রায় ৫০টির মতো মামলা দায়ের করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। এর মধ্যে ফৌজদারি বিবিধ শাখা থেকে ২৯টি, রিট শাখা থেকে ৯টি, ফৌজদারি আপিল শাখা থেকে ২টি এবং অন্যান্য শাখা থেকে ১০টি। এসব মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে।

The post বাড়ছে জামিন জালিয়াতি: ধর্ষণ মামলার রায় পাল্টে জামিন আবেদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment