ফাতেহ ডেস্ক:
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ সোমবার রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় অবরোধ করেছেন শতাধিক মানুষ। এ সময় দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ব্যর্থ হয়েছেন দাবি করে তাঁর পদত্যাগ চেয়েছেন তাঁরা। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
শতাধিক মানুষ পোস্টার নিয়ে আজ সোমবার সকালে শাহবাগে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে তাঁরা রাস্তা অবরোধ করেন।
বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে গতকাল রোববার দিবাগত রাতে মামলার প্রধান আসামি বাদলকে এবং নারায়ণগঞ্জ থেকে আরেক আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। বাদলকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে আর দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জের চিটাগং রোডের একটি বাস থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।
গৃহবধূর শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় গতকাল রাতে ৯ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়। এর আগে বিকেলে আসামি আবদুর রহিমকে আটক করা হয়েছিল। এরপর মামলা করা হলে গতকাল রাতে আসামি রহমত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
এরই মধ্যে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছে পুলিশ। একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ২০ থেকে ২৫ দিন আগে এ ঘটনা ঘটলেও গতকাল রোববার গৃহবধূকে নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওচিত্রে ভুক্তভোগী গৃহবধূকে বিবস্ত্র করে তাঁর মুখমণ্ডলে উপর্যুপরি লাথি ও বেধড়ক মারধর করতে দেখা যায়। এ সময় গৃহবধূ হামলাকারীদের বহুবার পায়ে ধরে এবং বাবা বাবা বলে ডাকলেও নির্যাতন বন্ধ রাখা হয়নি। বরং তাঁর শরীরের স্পর্শকাতর স্থানসহ সব স্থানে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তারা এ সময় তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ পাওয়া যায়। এলাকার বাদল, কালাম, দেলোয়ারসহ আরো কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় থেকে দুই মাস আগে এলাকার একদল বখাটে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় এবং শারীরিক সম্পর্কের চেষ্টা করে। এভাবে তারা আরো কয়েকবার তাঁকে কুপ্রস্তাব দেয় বলে গৃহবধূ জানান। পরে বখাটেরা শারীরিক সম্পর্ক করার চেষ্টায় ব্যর্থ হয়ে কোনো একসময়ে তাঁকে বেদম মারধর করে ভিডিও ধারণ করে। এভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলেও তারা গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ব্যর্থ হয়ে অবশেষে গতকাল রোববার তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ফলে তা ভাইরাল হয়ে পড়ে।
জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিন বনিবনা ছিল না। তবে সম্প্রতি স্বামী তাঁর কাছে ফিরে আসেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় ওই নারীর স্বামীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন গৃহবধূ।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেনের নজরে এলে তিনি এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এসপি আলমগীর হোসেন বলেন, ‘পুলিশ নির্যাতিতাকে তাঁর বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি পুলিশকে জানান, ২০ থেকে ২৫ দিন আগে এ ভিডিওচিত্র ধারণ করা হয়। তবে সঠিক তারিখ তিনি বলতে পারেননি।’
তবে ভিডিওতে দৃশ্যমান বখাটেদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান এসপি আলমগীর।
The post নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন : স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%82-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
No comments:
Post a Comment