ফাতেহ ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পুলিশ বাহিনী তার দায়িত্ব পালনের কারণে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। দেশে প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর ফলে জনগণের সেবাপ্রাপ্তি সহজ হবে।
প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ সকালে সিংড়া কোর্ট মাঠে বেলুন উড়িয়ে থানা পুলিশ আয়োজিত বিট পুলিশ সমাবেশের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এখন দেশে আইনের শাসন রয়েছে। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। ২৪ ঘণ্টা পুলিশ বাহিনীর দায়িত্ব পালনের কারণে মানুষ শান্তিতে ঘুমাতে পারে।’
সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে অত্যাধুনিক সেবাকেন্দ্রের হটলাইন-৯৯৯ চালু করা হয়েছিল। এ পর্যন্ত ওই সেবাকেন্দ্র হটলাইনে দুই কোটি ১৭ লাখ ফোনকল গ্রহণ করে বিভিন্ন নাগরিক সেবা প্রদান করেছে।
পলক আরো বলেন, অসুস্থতা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, অগ্নিকাণ্ড, আক্রান্ত হওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা প্রতিষ্ঠান কল সেন্টার সেবা প্রদান করেছে। সেবা প্রদানের পরিধি ক্রমে বাড়ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। দেশের এক হাজার থানাকে দ্রুতগতির ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কেব্লের আওতায় আনার কাজ চলছে। অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার নাগরিক সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে দেশের পাঁচটি থানাতে পাইলটিং কাজ চলছে।
অচিরেই সব থানায় এই কার্যক্রম চালু করা হবে এবং এর ফলে ঘরে বসেই মানুষ পুলিশের কাঙ্ক্ষিত সেবা পাবে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, দুর্নীতি ও হয়রানি বন্ধে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
The post ‘পুলিশের দায়িত্ব পালনের কারণে মানুষ শান্তিতে ঘুমাতে পারে’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment