Tuesday, October 13, 2020

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: সিসি ক্যামেরায় যা ধরা পড়লো

ফাতেহ ডেস্ক:

সিলেটের বন্দর ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হানকে হত্যার জন্য দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠছে সিলেট। মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

যদিও শুরু থেকেই মূল অভিযুক্ত উপপরিদর্শক আকবর দাবি করে আসছেন রায়হানকে পুলিশ ফাঁড়িতে আনা হয়নি। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি সত্য বলেননি।

গত রোববার সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান । সেদিন সিলেট বন্দর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী রায়হানকে গণপিটুনি দিলে গুরুতর আহন হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।

কিন্তু এই মৃত্যুতে গঠিত তদন্ত কমিটি জানাচ্ছে, এলাকাবাসীর গণপিটুনি নয়, পুলিশের হেফাজতে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে আহত হন রায়হান।

রোববার রায়হানের মৃত্যুর ঘটনা তদন্তে এসএমপির উপকমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।

কমিটির একটি সূত্র জানায়, বন্দরবাজার ফাঁড়ির পাশঘেঁষা সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা সেই সত্যতাই দিচ্ছে। ক্যামেরায় রায়হানকে পুলিশ ফাঁড়িতে আনা-নেয়ার ছবি ধরা পড়েছে ।

ওই ফুটেজে দেখা গেছে, গত শনিবার রাত ৩টা ৯ মিনিট ৩৩ সেকেন্ডে দুটি অটোরিকশা এসে বন্দরবাজার ফাঁড়িতে থামে। সামনের অটোরিকশা থেকে তিন পুলিশের সঙ্গে রায়হানকে নামতে দেখা যায়। তিনি হেঁটে ফাঁড়িতে ঢোকেন। এর প্রায় তিন ঘণ্টা পর সকাল ৬টা ২২ মিনিটে একটি অটোরিকশা আসে বন্দরবাজার ফাঁড়ির সামনে। এর ঠিক দুই মিনিট পর ৬টা ২৪ মিনিট ২৪ সেকেন্ডে দুই পুলিশের কাঁধে ভর করে রায়হানকে অটোরিকশায় তুলতে দেখা যায়। এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ফুটেজ ছাড়াও এ নির্যাতনের বিষয়ে প্রাথমিকসত্যতা পেয়েছে তদন্ত কমিটি। নগরীর বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে এ নির্যাতন চালানো হয়। ইনচার্জসহ ৭ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে।

এ ঘটনার মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করলেও পুলিশ বলছে, অভিযুক্তরা তাদের হেফাজতেই আছেন।

আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ হেফাজতে নির্যাতনে নিহত রায়হান আহমেদের বাড়ি সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়া এলাকার।

রিকাবীবাজার এলাকায় স্টেডিয়াম মার্কেটের ডা. আবদুল গফ্ফারের চেম্বারে তিনি চাকরি করতেন তিনি। গত রোববার সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যান।

The post পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: সিসি ক্যামেরায় যা ধরা পড়লো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/

No comments:

Post a Comment