Monday, October 11, 2021

রাজারবাগ পীরের আবেদন খারিজ করে দিয়েছে আদালত

ফাতেহ ডেস্ক:

রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের বিষয়ে তদন্ত করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে পীরের আবেদন খারিজ করেছেন চেম্বার আদালত। এর ফলে রাজারবাগ পীর ও রাজারবাগ দরবার শরীফের সব সম্পদ তদন্ত করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আদালতে রাজারবাগ পীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুকুল।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে দরবার শরিফ বা পীরের অনুসারীদের কোনো অংশ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে বলা হয়। দুটি তদন্তই ৬০ দিনের মধ্যে শেষ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।

পীর দিল্লুর রহমানের ‘অনুসারীদের’ করা মানবপাচারসহ বিভিন্ন ফৌজদারি মামলায় নাকাল আট ভুক্তভোগীর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রাজারবাগ দরবার শরিফ ও পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলেন আট ব্যক্তি।

তারা হলেন- মো. আব্দুল কাদের, মাহবুবুর রহমান খোকন, ফজলুল করিম, জয়নাল আবেদিন, মো. আলাউদ্দিন, জিন্নাত আলী, আইয়ুবুর হাসান শামীম, নাজমা আক্তার ও নারগিস আক্তার। তাদের অভিযোগ, পীর দিল্লুর রহমানের অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে মানবপাচারসহ ফৌজদারি মামলা করে হয়রানি করছে।

 

The post রাজারবাগ পীরের আবেদন খারিজ করে দিয়েছে আদালত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment